দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য সরকার জোরালো প্রচেষ্টা চালাচ্ছে। রোববার (২ আগস্ট) দুপুরে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এ তথ্য নিশ্চিত করেন।
প্রতিমন্ত্রী জানান, সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে বাংলাদেশের নিয়মিত যোগাযোগ ও নথিপত্র আদান-প্রদান চলছে। তিনি বলেন, আমিরাত কর্তৃপক্ষ আমাদের কাছে সুনির্দিষ্ট কিছু তথ্য ও নথিপত্র চেয়েছিল, যা স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে তাদের কাছে পাঠানো হয়েছে।
প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পর্কে শামা ওবায়েদ বলেন, সংযুক্ত আরব আমিরাতের নিজস্ব আইন অনুযায়ী তারা প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করছে। একই সঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় বজায় রেখে কাজ করছে। উভয় দেশের মধ্যে তথ্য আদান-প্রদান এবং আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, সব ধরনের আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করে খুব শিগগিরই তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। তাকে দেশে আনার পর প্রচলিত আইন অনুযায়ী বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এছাড়া প্রত্যাবাসন প্রক্রিয়াকে আরও কার্যকর করতে পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানান।





