দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭৪৪টি শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৬টি শিশু। সব মিলিয়ে এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গজনিত কারণে মোট ৮৪০টি শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে ১২১টি শিশু এবং হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৭৫১। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ৮৭২টি শিশু হাম বা এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে। এই সময়ে ৬৮৭টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ৫৩৮টি শিশু।
পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ২৯ হাজার ৬১ এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬ হাজার ১৮০। এ পর্যন্ত মোট এক লাখ ১১ হাজার ৬৭৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের মধ্যে এক লাখ সাত হাজার ৩৯৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।





