বিনিয়োগ বাড়াতে শীর্ষ ব্যবসায়ীদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রকাশ:

দেশের বিনিয়োগ পরিবেশ উন্নত করা এবং বেসরকারি খাতের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এ বৈঠকে দেশের প্রথম সারির শিল্পগোষ্ঠীর উদ্যোক্তাদের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।

বৈঠকে বিদ্যুৎ ও গ্যাসের ঘাটতি দূর করা, দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর কাঠামো সংস্কার, বিনিয়োগবান্ধব নীতিমালা প্রণয়ন এবং বেসরকারি খাতনির্ভর প্রবৃদ্ধি নিশ্চিত করার বিষয়গুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং বিভিন্ন শিল্প ক্লাস্টারে বিনিয়োগ আকর্ষণের প্রক্রিয়া সহজ করার বিষয়ে আলোচনা হয়েছে।

মুখপাত্র মাহ্দী আমিন জানান, প্রধানমন্ত্রী বেসরকারি খাতের প্রতিনিধিদের মতামত ও সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। গত পাঁচ মাসে বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ খাতের কাঠামোগত জটিলতা দূর করতে সরকার যে পদক্ষেপ নিয়েছে, তার জন্য ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। সরকারের লক্ষ্য হলো একটি ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা, যা বেসরকারি খাতকে শক্তিশালী করার পাশাপাশি তরুণ জনশক্তি ও নারীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহ্‌দী আমিন জানান, ব্যবসায়ীদের পক্ষ থেকে চট্টগ্রাম বন্দর ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বন্দরগুলোতে আমদানি-রফতানি কার্যক্রমের জন্য ২৪ ঘণ্টা সেবা চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরকারের সব দফতরের সমন্বয়ে প্রতিটি বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। এর মাধ্যমে আমদানি-রফতানি কার্যক্রম দ্রুত ও কার্যকর হবে এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে এমন অন্যান্য নীতিগত প্রস্তাব নিয়েও তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ার করুন