ছুটির দিনে নিজেই গাড়ি চালিয়ে ঢাকার পরিচ্ছন্নতা দেখলেন প্রধানমন্ত্রী

প্রকাশ:

রাজধানী ঢাকাকে একটি পরিচ্ছন্ন শহর বা ক্লিন সিটি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই লক্ষ্য বাস্তবায়নে শুক্রবার (৩১ জুলাই) ছুটির দিনে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়কের পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বিকেল ৪টা ৫ মিনিটে গুলশানের বাসা থেকে গাড়ি নিয়ে বের হন প্রধানমন্ত্রী। প্রায় আড়াই ঘণ্টার বেশি সময় ধরে তিনি রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে প্রধানমন্ত্রীর গাড়ি শ্যামলী এলাকা অতিক্রম করে। পরিদর্শন শেষে মাগরিবের নামাজের সময় তিনি পুনরায় গুলশানের বাসায় ফিরে যান।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী শ্যামলী, বিজয় সরণি, রোকেয়া সরণি, মিরপুর-১০, কচুক্ষেত ও শেওড়াপাড়ার মতো গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘুরে দেখেন। তার সাথে গাড়িতে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী।

জাহিদুল ইসলাম রনি বলেন, প্রধানমন্ত্রী বারবার বলেছেন তিনি রাজধানী ঢাকাকে ক্লিন সিটি হিসেবে দেখতে চান। সেই উদ্দেশ্যেই তিনি সিটি করপোরেশনের রাস্তাগুলো সরেজমিন ঘুরে দেখছেন।

শেয়ার করুন