দেশে হামের প্রাদুর্ভাব: গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু

প্রকাশ:

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছেন এক হাজার ৮৫ জন। শুক্রবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ৯০০ জন। গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত সারাদেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ ২৮ হাজার ৩১০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮৫ জন এবং ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৫৯ জন।

হাসপাতালে ভর্তি ও সুস্থতার পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত এক লাখ ১০ হাজার ৯৮৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ছয় হাজার ৮৫৯ জন।

মৃত্যুর পরিসংখ্যান সম্পর্কে বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দুইজন মারা গেছেন। এ নিয়ে ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৭৪১ জন শিশুর মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এছাড়া ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মোট ৯৬ জনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন