তারেক রহমান দিনে ১৮ ঘণ্টা কাজ করেন: মির্জা ফখরুল

প্রকাশ:

অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্য অর্জনে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৯ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিভিল ডিসকোর্স ন্যাশনালস আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কী ধরনের পরিবর্তন প্রয়োজন, তা নিয়ে প্রধানমন্ত্রী সবসময় চিন্তা করেন। তিনি নিজের কাজের মাধ্যমে ইতোমধ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রী নির্বাসিত জীবন থেকে ফিরে এসে দেশ পুনর্গঠনের যে পরিকল্পনা তুলে ধরেছিলেন, তা বাস্তবায়নে তিনি কাজ শুরু করেছেন বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব।

তিনি আরও বলেন, দেশের সামনে বড় বড় চ্যালেঞ্জ থাকলেও রাতারাতি সব সমস্যার সমাধান সম্ভব নয়। তবে তরুণদের মেধা, সামর্থ্য ও দেশপ্রেমের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করার শক্তি রয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে নেওয়া সংস্কার ও পরিবর্তনের উদ্যোগগুলো বাস্তবায়িত হলে দেশ আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তরুণ প্রজন্মের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, দেশের ভবিষ্যৎ তাদের হাতেই। জলবায়ু পরিবর্তন এবং অর্থনৈতিক সংকটের মতো নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তরুণদের উদ্যম দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার আশা জাগায়। ছাত্র ও তরুণদের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে এবং এই সুযোগ কাজে লাগাতে সুপরিকল্পিত উদ্যোগ ও শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন।

অনুষ্ঠানে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আশরাফুল হক, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক গোলাম রহমান, অর্থনীতিবিদ জ্যোতি রহমান, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া এবং বাংলাদেশ ডায়ালগের চেয়ারম্যান রুবাইয়াত মান্নানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন