গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, ভাঙচুর সারজিস আলমের গাড়ির গ্লাস

প্রকাশ:

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে দলটির কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে গোলাপগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন দলটির কেন্দ্রীয় নেতারা। সভা শেষে বেলা পৌনে ৩টার দিকে নেতারা পদযাত্রার অংশ হিসেবে সিলেট-জকিগঞ্জ সড়ক দিয়ে গোলাপগঞ্জ শহরের ডাচ-বাংলা ব্যাংকের সামনে পৌঁছালে এই হামলার ঘটনা ঘটে।

এনসিপির অভিযোগ, একদল ব্যক্তি ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে দিতে তাদের গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল ও পেপসির বোতল নিক্ষেপ করে। এই হামলায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে বহনকারী গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়। এছাড়া একটি অটোরিকশাও ভাঙচুরের শিকার হয়েছে।

হামলার পরপরই কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। নিরাপত্তার স্বার্থে স্থানীয় নেতাকর্মীরাও দ্রুত এলাকা থেকে সরে যান। এই ঘটনার জন্য এনসিপির নেতারা স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দায়ী করেছেন। উল্লেখ্য, এর আগে হবিগঞ্জে এনসিপির কর্মসূচি বাধাগ্রস্ত হওয়ার ঘটনার পর থেকে সিলেটে দলটির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘিরে শুরু থেকেই উদ্বেগ ও শঙ্কা ছিল।

শেয়ার করুন