বর্তমান বিশ্বের প্রচলিত বড় আন্তর্জাতিক ও বহুপক্ষীয় সংস্থাগুলো তাদের কার্যকারিতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি জানান, পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ বহুপক্ষীয় নীতিতে বিশ্বাসী এবং মধ্যম শক্তি হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক জোটে যুক্ত হতে আগ্রহী।
শনিবার সকালে কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ‘পরিবর্তিত বিশ্বব্যবস্থায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। গবেষণা প্রতিষ্ঠান ‘ব্রেন’ (বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক) এই আলোচনার আয়োজন করে। রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ব্রিকস, আসিয়ান, এসসিও এবং আরসিইপি’র মতো জোটে যোগ দিতে সরকার গভীরভাবে আগ্রহী। তিনি আরও বলেন, ক্ষয়প্রাপ্ত বহুপক্ষীয় প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করা এবং জনগণের স্বার্থে কাজ করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।
বিএনপি সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতির প্রসঙ্গ টেনে উপদেষ্টা জানান, ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও সমৃদ্ধি অর্জনে অভ্যন্তরীণ চাহিদাকে অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে। বৈশ্বিক অনিশ্চয়তা মোকাবিলায় ঋণ বা সাহায্যের চেয়ে শিল্পায়ন, উৎপাদনমুখী সরাসরি বিনিয়োগ এবং মুক্তবাণিজ্য চুক্তিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এ সময় তিনি ‘টু প্লাস টু’সহ বিভিন্ন উপায়ে বৈশ্বিক অংশীদারত্বের কৌশলগত উন্নয়নের কথা উল্লেখ করেন।
শিক্ষক ও গবেষক আসিফ বিন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, প্রতিটি দেশের সঙ্গে সম্পর্ক নির্ধারণ করা হবে বাংলাদেশ কী পাবে তার ওপর ভিত্তি করে। আলোচনায় আরও অংশ নেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম (আরমান), চীনের সাবেক রাষ্ট্রদূত মাহবুব উজ জামান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমেনা মহসিন ও মোহাম্মদ তানজীমউদ্দিন খান, সহযোগী অধ্যাপক ওবায়দুল হক এবং ব্রেনের নির্বাহী পরিচালক সফিকুর রহমান।





