বাংলাদেশ-ভারতের যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব: দীনেশ ত্রিবেদী

প্রকাশ:

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে এমন কোনো জটিল সমস্যা নেই যা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সাথে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঐতিহাসিক। দুই দেশ কেবল সীমান্তই নয়, বরং ইতিহাস, সংস্কৃতি ও স্বপ্নও ভাগাভাগি করে। তিনি এমন একটি সম্পর্কের প্রত্যাশা করেন যার ভিত্তি হবে দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণ ও জনগণের সাথে জনগণের সংযোগ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে হাইকমিশনার বলেন, এটি প্রধানমন্ত্রীর নিজস্ব এখতিয়ারের বিষয়। তবে ভারত সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি আশাবাদী যে, অদূর ভবিষ্যতেই এই সফর অনুষ্ঠিত হবে এবং এর মাধ্যমে দুই দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আরও অগ্রগতি সাধিত হবে।

তিস্তা চুক্তি ও গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন সংক্রান্ত প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী জানান, সৌজন্য সাক্ষাতে এ ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা হয় এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই সব সমস্যার সমাধান করা সম্ভব। গঙ্গা পানি বণ্টন চুক্তির বিষয়ে তিনি বলেন, দুই দেশের ওয়ার্কিং গ্রুপ এ নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে এবং তারা নিয়মিত যোগাযোগ বজায় রাখবে। শেষ পর্যন্ত জনগণের কল্যাণের বিষয়টিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সংস্কৃতি, সংগীত ও ক্রিকেটসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা চালুর বিষয়টি দুই দেশের মানুষের পারস্পরিক কল্যাণে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুই দেশের মধ্যে সম্পৃক্ততা আরও বৃদ্ধি পাবে এবং সবকিছু ইতিবাচকভাবেই এগিয়ে যাবে।

পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে বৈঠকের পরিবেশ অত্যন্ত আন্তরিক ছিল জানিয়ে দীনেশ ত্রিবেদী কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এটিকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

শেয়ার করুন