৩০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কর্মস্থলে অনুপস্থিতির দায়ে সাতক্ষীরার ৪ চিকিৎসক সাময়িক বরখাস্ত

প্রকাশ:

পূর্বানুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে সাতক্ষীরার চার চিকিৎসককে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্যসেবা বিভাগের শৃঙ্খলা-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরী প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন।

সাময়িক বরখাস্ত হওয়া চিকিৎসকরা হলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের জুনিয়র কনসালট্যান্ট (ইএনটি) ডা. সোহানা সেলিম, সাতক্ষীরা সদর হাসপাতালের রেডিওলজিস্ট ডা. পলাশ কুমার সরকার, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাওলী নানজীবা তন্বী এবং সাতক্ষীরা সদর হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (ইএনটি) ডা. মো. হাছিবুর রহমান।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন গত ২৫ জুলাই বাগেরহাট এবং ২৬ জুলাই সাতক্ষীরার বিভিন্ন হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেন। ওই পরিদর্শনের সময় চার চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত পাওয়া যায়। এছাড়া তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগও রয়েছে। এর প্রেক্ষিতে স্বাস্থ্য বিভাগ তাদের বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু করেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী কোনো কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা রুজু হলে অভিযোগের গুরুত্ব, তদন্তে প্রভাব বিস্তারের আশঙ্কা এবং দায়িত্ব থেকে বিরত রাখার প্রয়োজনীয়তা বিবেচনায় তাকে সাময়িক বরখাস্ত করা যায়। সেই অনুযায়ী, ২৭ জুলাই থেকে এই চার চিকিৎসককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তারা বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।

শেয়ার করুন