পটুয়াখালীর কুয়াকাটায় ভ্রমণে গিয়ে সড়ক দুর্ঘটনায় নাবিলা নুসরাত (৩২) নামের এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মিশ্রীপাড়া বৌদ্ধবিহার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ৪২তম বিসিএসে উত্তীর্ণ নাবিলা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন।
নিহতের সফরসঙ্গী চিকিৎসক মাইনুল ইসলাম শুভ জানান, গত শুক্রবার তারা ঢাকা থেকে কুয়াকাটায় এসে ওশান ভিউ হোটেলে ওঠেন। শনিবার বিকেলে ইঞ্জিনচালিত একটি ভ্যানে মিশ্রীপাড়া বৌদ্ধবিহার দেখতে যাওয়ার পথে বিড়াল বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ভ্যানটি উল্টে গেলে নাবিলাসহ অন্য পর্যটকরা ছিটকে পড়েন। দুর্ঘটনার সময় নাবিলার মাথার ওপর ভ্যানটি চাপা পড়ে গুরুতর জখম হয়। তাকে দ্রুত উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাইনুল ইসলাম শুভ নিজেকে নাবিলার স্বামী হিসেবে পরিচয় দিয়ে জানান, তিনি নিজেও ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। দুর্ঘটনায় নিজের স্ত্রীর মৃত্যুতে তিনি মানসিকভাবে বিধ্বস্ত।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস তালুকদার জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ হাসপাতালে যায়। আহত ব্যক্তি নিজেকে নিহতের স্বামী বলে পরিচয় দিয়েছেন, যার সত্যতা যাচাই করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।





