যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ডেভিড ইমন

প্রকাশ:

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) দিনগত রাতে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশের যৌথ অভিযানে চেক পোস্ট বসিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত ১৩ জুলাই চট্টগ্রামের চন্দনপুরায় একটি ইন্টারনেট সেবাপ্রতিষ্ঠানের মালিকের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি করেন ডেভিড ইমন। চাঁদা না পেয়ে তার নির্দেশে ওই অফিসে সশস্ত্র হামলা চালানো হয়, যেখানে ২০ থেকে ২৫ বছর বয়সী অন্তত ৩০ জন সন্ত্রাসী অংশ নিয়েছিল। এই ঘটনার পর থেকেই তিনি নতুন করে আলোচনায় আসেন। গত দুই বছরে তিনি অন্তত ৭টি খুনের মামলার আসামি হয়েছেন।

ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরের কৃষক পরিবারের সন্তান মোবারক হোসেন ইমন ছোটবেলা থেকেই কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে পড়েন। ২০২৪ সালের ৫ আগস্টের আগ পর্যন্ত তিনি সেভাবে পরিচিত না থাকলেও রাজনৈতিক পটপরিবর্তনের পর সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ গ্রুপের সদস্য হিসেবে অপরাধ জগতে পরিচিতি পান। বর্তমানে তিনি সাজ্জাদ আলী খানের সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করছেন। সাজ্জাদ আলী খানের গ্রুপে অর্ধশতাধিক তরুণ রয়েছে যারা নগরীর বায়েজিদ বোস্তামী, পাঁচলাইশ, পতেঙ্গা, রাউজান ও হাটহাজারী উপজেলায় অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করে।

সন্ত্রাসী সাজ্জাদ বর্তমানে পলাতক থাকায় এবং ‘ছোট সাজ্জাদ’ কারাগারে থাকায় ইমন ও মোহাম্মদ রায়হান আলম বর্তমানে এই গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন। ২০২৫ সালের ৩০ মার্চ বাকলিয়ার জোড়া খুন, ২৩ মে পতেঙ্গা সমুদ্র সৈকতে সন্ত্রাসী ঢাকাইয়া আকবর খুন এবং ২০২৪ সালের ২৮ আগস্ট আনিস ও মোহাম্মদ হাসান হত্যাসহ একাধিক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে ইমনের নাম জড়িয়েছে।

শেয়ার করুন