পালটাপালটি কর্মসূচি: হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি

প্রকাশ:

হবিগঞ্জ পৌর এলাকায় রাজনৈতিক দলগুলোর পালটাপালটি কর্মসূচিকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জিএম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এই বিধিনিষেধ আরোপ করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, ২৯ জুলাই হবিগঞ্জ পৌর এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিক্ষোভ সমাবেশ ও পথসভার কর্মসূচি আহ্বান করেছিল। একই সময়ে এবং একই স্থানে হবিগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল পালটা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ডাক দেয়। উভয় দলের বিপুলসংখ্যক নেতাকর্মীর সমাগমের আশঙ্কায় এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

জেলা প্রশাসনের আদেশে উল্লেখ করা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে যে কোনো সময় সংঘর্ষ, জানমালের ক্ষতি, জনশান্তি বিঘ্নিত হওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে। জনস্বার্থে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা জরুরি বিবেচনায় ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১৪৪ ধারার আওতায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এই আদেশের ফলে হবিগঞ্জ পৌর এলাকায় ৫ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, জনসভা, মিছিল, স্লোগান, পিকেটিং, মাইকিং এবং কোনো প্রকার যন্ত্রের মাধ্যমে বিকট শব্দ তৈরি করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

শেয়ার করুন