কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে লাল-সবুজের প্রতিনিধিরা উজবেকিস্তানকে ৩-০ সেটে পরাজিত করে এই সাফল্য অর্জন করে।
আট দিনব্যাপী এই টুর্নামেন্টে বাংলাদেশ এখন পর্যন্ত মোট ৬টি ম্যাচ খেলেছে, যার মধ্যে ৫টিতেই জয় পেয়েছে তারা। আসরের শুরুতেই বাংলাদেশ উজবেকিস্তানকে ৩-২ সেটে হারিয়ে শুভ সূচনা করেছিল। এরপর নেপাল ও কাজাখস্তানকে ৩-২ সেটে হারালেও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ০-৩ সেটে পরাজিত হতে হয়। তবে রাউন্ড রবিন লিগ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-২ সেটে হারিয়ে বাংলাদেশ শেষ চারে নিজেদের অবস্থান নিশ্চিত করে। ফাইনালে ওঠার লড়াইয়ে আজ আবারও উজবেকিস্তানকে হারিয়েছে দলটি।
পাকিস্তান ভলিবল ফেডারেশনের আয়োজনে এবং সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে আয়োজিত এই টুর্নামেন্টে স্বাগতিক পাকিস্তান ছাড়াও কাজাখস্তান, উজবেকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ অংশগ্রহণ করছে। এখন পর্যন্ত অপরাজিত থাকা পাকিস্তান টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল। বুধবার টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।





