১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল: আসিফ নজরুল

প্রকাশ:

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তটি তৎকালীন ক্রীড়ামন্ত্রী হিসেবে মূলত তাঁর নিজেরই ছিল। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এই দাবি করেন। তিনি বলেন, এতদিন পর ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক এই বিষয়টি তদন্ত করে প্রকাশের কারণ তাঁর বোধগম্য নয়, কারণ তিনি একাধিকবার প্রকাশ্যে এই দায়িত্বের কথা স্বীকার করেছেন।

আসিফ নজরুল জানান, ঘটনার সূত্রপাত হয়েছিল উগ্র হিন্দুত্ববাদীদের চাপের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মোস্তাফিজকে আইপিএল থেকে অপমানজনকভাবে বাদ দেওয়ার মাধ্যমে। এর পরপরই বাংলাদেশের প্রতি অবমাননা এবং নিরাপত্তার আশঙ্কায় সরকার ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়ে অনীহা প্রকাশ করেছিল। তিনি উল্লেখ করেন, আইসিসির প্রথম রিপোর্টেও ভারতে নিরাপত্তা-আশঙ্কার তিনটি কারণ স্বীকৃত ছিল—বিশ্বকাপের দলে মোস্তাফিজের উপস্থিতি, বাংলাদেশিদের মুক্ত চলাচলের বাধা এবং বাংলাদেশে নির্বাচন এগিয়ে আসা। বিবিসি বাংলা ওই রিপোর্টের অনুবাদও প্রকাশ করেছিল।

তৎকালীন সরকার শেষ পর্যন্ত অন্য কোনো ভেন্যুতে বিশ্বকাপ খেলার জন্য বহু চেষ্টা করেছিল এবং কিছু দেশ থেকে সমর্থনও পেয়েছিল। কিন্তু সম্ভবত আইসিসির নেতৃত্বে ভারতীয় আধিপত্যের কারণে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাংলাদেশ দলকে ভারতে নিয়ে যাওয়ার ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকেও কোনো যোগাযোগ করা হয়নি। আসিফ নজরুল স্পষ্ট করেন, এই সিদ্ধান্তের পেছনে তিনটি বিষয় ছিল অত্যন্ত পরিষ্কার—দেশের মর্যাদা, ক্রিকেটার-সাংবাদিক-সমর্থকদের নিরাপত্তা এবং আগামী নির্বাচনের আগে দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখা।

তিনি আরও বলেন, সে সময় বলা হয়েছিল বিশ্বকাপ না খেললে বিদেশি দলগুলোর সঙ্গে বাংলাদেশের খেলা বন্ধ হয়ে যাবে, তবে ক্রিকেট বোর্ডের নানা উদ্যোগে সেই আশঙ্কা শেষ পর্যন্ত দূর হয়েছিল। তিনি বলেন, আমি মনে করি, আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। একটি ছোট দেশ বলে কেউ আমাদের ইচ্ছেমতো অপমান করবে, আর আমরা সবসময় তা মুখ বুঝে মেনে নিবো এমন প্রত্যাশা করা ঠিক নয়। আমি সমমর্যাদার ভিত্তিতে ভারতের সাথে বন্ধুত্বে বিশ্বাসী, মাথা নত করে সব মেনে নেওয়াতে নয়।

শেয়ার করুন