কর্ণাটকে স্ত্রীকে ভিডিও কলে ঝুলিয়ে হত্যা, গ্রেপ্তার স্বামী

প্রকাশ:

কর্ণাটকের গালাগালি গ্রামে ২৩ বছর বয়সী এক নারীকে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। পরকীয়ার সন্দেহে এই হত্যাকাণ্ডের অভিযোগে তার স্বামী প্রবীণ জিগালুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রবীণ প্রথমে একটি কাঠের গুঁড়ি দিয়ে তার স্ত্রী ভাগ্যশ্রী জিগালুরকে মারধর করেন। এরপর বাড়ির ভেতরে ওড়না দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে তাকে হত্যা করেন। ভাগ্যশ্রী যখন বাঁচার জন্য লড়াই করছিলেন, সেই মুহূর্তের ভিডিও ধারণ করে অভিযুক্ত স্বামী তার বন্ধু ও আত্মীয়দের কাছে পাঠান। এর চেয়েও ভয়াবহ বিষয় হলো, তিনি ভিডিও কলের মাধ্যমে ভাগ্যশ্রীর বাবা-মাকেও যুক্ত করেন এবং মেয়ের শেষ মুহূর্তের অসহায়ত্ব তাদের দেখান।

তদন্তে আরও বেরিয়ে এসেছে যে, দাম্পত্য কলহের জেরে প্রায় দুই মাস আগে ভাগ্যশ্রী তার স্বামীর বাড়ি ছেড়ে বাবা-মায়ের কাছে চলে গিয়েছিলেন। পরে প্রবীণ তাকে শান্তিপূর্ণভাবে সংসার করার আশ্বাস দিয়ে বাড়িতে ফিরিয়ে আনেন। তবে বাড়িতে ফেরার দিনই সন্ধ্যায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, সবুজ রঙের একটি ওড়নায় ঝুলে থাকা অবস্থায় ভাগ্যশ্রী বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। তার পায়ের নিচে একটি খাট ছিল, সেখান থেকে নামার বা বাঁচার চেষ্টা করছিলেন তিনি। ঘরের দেয়ালে দম্পতির বিয়ের সময়ের লেখা নামও স্পষ্টভাবে দেখা যায়।

খবর পেয়ে বিলাগি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যার আগে ঠিক কী ঘটেছিল এবং পরকীয়ার সন্দেহের অভিযোগটি সত্য কি না, তা নিয়ে বিস্তারিত তদন্ত চলছে।

মঙ্গলবার (২৮ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় কর্ণাটকের গালাগালি গ্রামে এ ঘটনা ঘটে।

শেয়ার করুন