গাইবান্ধায় নানা আয়োজনের মধ্য দিয়ে লোকসংগীতের কালজায়ী শিল্পী ও পল্লীগীতি সম্রাট আবদুল আলীমের ৯৫তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এই উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ), গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে পুলবান্ধির বালাসী রোডস্থ কার্যালয়ে ‘গহীন গাঙে ধরলাম পাড়ি’ শীর্ষক এক সংগীতানুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
২৭ জুলাই (সোমবার) সন্ধ্যায় অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মো. আলম মিয়া। অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন সংগঠনের সাধারণ সম্পাদক অঞ্জলি রানী দাস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার মো. আসাদুজ্জামান সরকার।
অনুষ্ঠানের আলোচনা পর্বে বক্তারা বাংলা সংগীতে আবদুল আলীমের অবিস্মরণীয় অবদান, তার জীবনী এবং সুরসাধনার বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন। তারা এই কালজয়ী শিল্পীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। আয়োজনে সংগঠনের জেলা কমিটির কর্মকর্তা, সদস্য এবং স্থানীয় সংগীতপ্রেমী দর্শক-শ্রোতারা উপস্থিত ছিলেন।
স্মরণসভার পাশাপাশি আয়োজিত সংগীতানুষ্ঠানে আমন্ত্রিত এবং স্থানীয় গুণী কণ্ঠশিল্পীরা আবদুল আলীমের জনপ্রিয় লোকসংগীতগুলো পরিবেশন করেন। সংগীত পরিবেশনায় অংশ নেন আনোয়ারুল ইসলাম, মোস্তফা হোসেন, আবদুল্লাহ আল আমিন বাদশা, রবিউল হক, পরিতোষ চন্দ্র সরকার, জাহিদ হাসান সবুজ ও শিরিন আকতারসহ অন্যান্য শিল্পীবৃন্দ। তাদের পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত শ্রোতারা।





