বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং মেট্রোরেলসহ গণপরিবহন খাতে জাপানের সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও জাপান। মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে এই বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় মন্ত্রী শেখ রবিউল আলম বাংলাদেশের অবকাঠামো ও যোগাযোগ খাতের উন্নয়নে জাপানের দীর্ঘদিনের অবদানের জন্য উনো ইয়োশিমাসাকে ধন্যবাদ জানান।
মন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মেট্রোরেলসহ আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে জাপানের প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা বাংলাদেশের জন্য অত্যন্ত মূল্যবান। তিনি আরও উল্লেখ করেন যে, সরকার একটি সমন্বিত ও জনবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে, যেখানে জাপানের মতো উন্নয়ন সহযোগীর ভূমিকা অপরিহার্য।
জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা জানান, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ক্রমবর্ধমান নগরায়নের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক গণপরিবহন অবকাঠামো নির্মাণ অত্যন্ত জরুরি। তিনি পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে ভবিষ্যতে অবকাঠামো, মেট্রোরেল ও রেল যোগাযোগসহ বিভিন্ন খাতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি নিশ্চিত করেন যে, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে।
বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. শাওগাতুল আলম উপস্থিত ছিলেন।





