টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে কঠোর পদক্ষেপ নেবে সরকার

প্রকাশ:

দেশের বাজারে বিক্রি হওয়া অধিকাংশ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়ার ঘটনায় জনস্বার্থে সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

উপদেষ্টা জানান, সরকার জনস্বাস্থ্যের এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে। তবে তিনি সতর্ক করে বলেন, মাইক্রোপ্লাস্টিক কেবল টুথপেস্টেই সীমাবদ্ধ নয়, এটি একটি মারাত্মক স্বাস্থ্যঝুঁকি হিসেবে পরিবেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে। টুথপেস্ট ব্যবহার না করলেও পরিবেশের বিভিন্ন উৎস থেকে সৃষ্ট মাইক্রোপ্লাস্টিক ইতোমধ্যে আমাদের নিত্যদিনের খাবার ও পানিতে মিশে যাচ্ছে।

জাহেদ উর রহমান বলেন, এই সমস্যার সমাধানে একটি সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। এটি কেবল টুথপেস্টের মতো নির্দিষ্ট কোনো ক্ষেত্রে ব্যবস্থা নিয়ে সমাধান করা সম্ভব নয়। তবে যেহেতু বিষয়টি ব্যাপকভাবে জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে, তাই সরকারের দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সংস্থাগুলো অবশ্যই বিষয়টি গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এ সময় তিনি আরও বলেন, জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার সবসময়ই জনস্বার্থ ও কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, সম্প্রতি পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইএসডিও) দেশের বাজারে প্রচলিত ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করে। গবেষণায় দেখা গেছে, প্রায় ৭৬.৫ শতাংশ বা ২৬টি নমুনায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি রয়েছে। এমনকি শিশুদের জন্য বাজারজাত করা কয়েকটি টুথপেস্টেও এই ক্ষুদ্র প্লাস্টিক কণা শনাক্ত হয়েছে।

শেয়ার করুন