যশোরে জামায়াত এমপির বাড়িতে এলাকাবাসীর হামলা ও ভাঙচুর

প্রকাশ:

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুল এবং তাঁর মেয়ের সঙ্গে স্থানীয় একটি মাদ্রাসার বিরোধের জেরে তাঁর বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় অবস্থিত এমপির বাসভবনে এ হামলা ও ভাঙচুর চালানো হয়। ঘটনার পর থেকে এমপি ও তাঁর পরিবারের সদস্যরা অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, এমপির বাড়ির সামনেই আল মাদ্রাসাতুশ শারইয়াহ ও মসজিদ অবস্থিত। ওই মাদ্রাসায় যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে এমপির পরিবারের সঙ্গে মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, গতকাল সোমবার এমপির মেয়ে অনন্যা মাদ্রাসার শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন করেন, যা পরে পুলিশের মধ্যস্থতায় মীমাংসা করা হয়। তবে আজ মঙ্গলবার সকালে গোলাম রসুল ও তাঁর মেয়ে পুনরায় মাদ্রাসায় গিয়ে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে বিরোধে জড়ান। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এ সময় অনন্যা রেক্সোনা নামের এক স্থানীয় নারীর মাথা ফাটিয়ে দেন এবং নাসির উদ্দিন নামের এক অভিভাবকের ওপর চড়াও হন।

এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে এলাকাবাসী এমপির বাসভবনে হামলা ও ভাঙচুর চালান। পরিস্থিতি বেগতিক দেখে এমপি ও তাঁর মেয়ে বাড়ির মূল ফটক বন্ধ করে ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। বিক্ষোভকারীদের অভিযোগ, মাদ্রাসাটি বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, যা স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সংসদ সদস্য গোলাম রসুল ফেসবুক লাইভে এসে নিজের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে বলেন, রাস্তাটি তাদের কেনা জমি এবং সেটি সচল রাখার বিষয়ে কথা-কাটাকাটি হয়েছে। তিনি পরিস্থিতির জন্য ক্ষমা প্রার্থনা করে সবার সঙ্গে মিলেমিশে থাকার আহ্বান জানান। তিনি আরও দাবি করেন, তাঁর মেয়ে মানসিক রোগী এবং ভারতের হায়দরাবাদসহ দেশের বিভিন্ন হাসপাতালে তাঁর চিকিৎসা করানো হয়েছে। তিনি ভীত ও সন্ত্রস্ত অবস্থায় আছেন বলে উল্লেখ করেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে এবং এমপি ও তাঁর পরিবারকে নিরাপত্তা দেওয়া হয়েছে। ওসির ভাষ্যমতে, এমপির মেয়ের মানসিক স্বাস্থ্যের বিষয়ে তাঁর ফেসবুক লাইভের বক্তব্য ব্যক্তিগত বিষয়, এ বিষয়ে পুলিশের কিছু জানা নেই।

এদিকে, এই হামলার প্রতিবাদে যশোর জেলা জামায়াত জরুরি বৈঠক করেছে। জেলা জামায়াতের প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস জানান, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ষড়যন্ত্রের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। এ ঘটনার প্রতিবাদে আজ সন্ধ্যায় শহরে বিক্ষোভ মিছিল বের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ার করুন