জাপানের প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক

প্রকাশ:

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমামা। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের মধ্যকার কৌশলগত অংশীদারত্ব আরও সুদৃঢ় করার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় মানবসম্পদ উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা কামনা করে বলেন, জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক ও গাড়িচালক নিয়োগের উদ্যোগ নিতে পারে জাপান।

বাংলাদেশের শিল্প খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজারের মতো আরও শিল্প পার্ক স্থাপনে জাপান আগ্রহী হলে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। এছাড়াও দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।

বৈঠককালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন