প্রথম বিশ্বযুদ্ধ: কেন হয়েছিল ইতিহাসের এই ভয়াবহ সংঘাত

প্রকাশ:

মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ সংঘাত প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল ১৯১৪ সালের ২৮ জুলাই। চার বছর স্থায়ী এই যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন লাখ লাখ মানুষ। আজ এই যুদ্ধের ১১২তম বর্ষপূর্তি। যুদ্ধের মূল সূত্রপাত হয়েছিল ১৯১৪ সালের জুন মাসে, যখন অস্ট্রো-হাঙ্গেরীয় সাম্রাজ্যের উত্তরাধিকারী আর্চডিউক ফ্রাঞ্জ ফার্দিনান্দ ও তাঁর স্ত্রী সোফি বসনিয়ার রাজধানী সারায়েভো সফরে যান। সেখানে গ্যাভরিলো প্রিন্সিপ নামে ১৯ বছর বয়সী এক বসনিয়ান সার্ব হামলাকারী তাঁদের গুলি করে হত্যা করেন।

ফ্রাঞ্জ ফার্দিনান্দ ছিলেন সম্রাট ফ্রাঞ্জ জোসেফের ভাতিজা। ১৮৮৯ ও ১৮৯৬ সালে অন্য উত্তরাধিকারীদের মৃত্যুর পর তিনি সিংহাসনের প্রথম দাবিদার হন। ১৯০৮ সালে অস্ট্রো-হাঙ্গেরীয় সাম্রাজ্য বসনিয়া ও হার্জেগোভিনাকে অধিভুক্ত করলে স্থানীয় সার্ব জাতীয়তাবাদীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। প্রিন্সিপ তাঁর জবানবন্দিতে দেশপ্রেম এবং স্লাভ জনগণকে নিপীড়ন থেকে মুক্ত করার উদ্দেশ্যেই এই হামলা চালিয়েছিলেন বলে স্বীকার করেন। হত্যার দায়ে তাঁকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং ১৯১৮ সালে যক্ষ্মায় তাঁর মৃত্যু হয়।

এই হত্যাকাণ্ডের পর অস্ট্রিয়া-হাঙ্গেরি সার্বিয়াকে দায়ী করে ১৯১৪ সালের ২৩ জুলাই কঠোর দাবিদাওয়া পেশ করে। সার্বিয়া কিছু দাবি মানলেও বিচারব্যবস্থায় বিদেশি হস্তক্ষেপের শর্ত প্রত্যাখ্যান করে। এর ফলে ২৮ জুলাই অস্ট্রিয়া-হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ইউনিভার্সিটি অ্যাট আলবানির ইতিহাসের অধ্যাপক রিচার্ড ফোগার্টির মতে, মিত্রদের সমর্থনের ওপর নির্ভর করে অনেক দেশই যুদ্ধের ঝুঁকি নিয়েছিল, যা শেষ পর্যন্ত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

যুদ্ধের সময় ইউরোপ কার্যত দুটি সামরিক জোটে বিভক্ত ছিল। ট্রিপল অ্যালায়েন্স বা কেন্দ্রীয় শক্তির পক্ষে ছিল জার্মানি, অস্ট্রিয়া-হাঙ্গেরি, বুলগেরিয়া ও ওসমানীয় সাম্রাজ্য। অন্যদিকে ট্রিপল আন্তঁত বা মিত্রশক্তির পক্ষে ছিল ফ্রান্স, যুক্তরাজ্য, রাশিয়া, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্র। ১৯১৭ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্র যোগ দিলে মিত্রশক্তি আরও শক্তিশালী হয়ে ওঠে।

১৯১৮ সালের অক্টোবরে জার্মানির কিল বন্দরে নাবিকদের বিদ্রোহ ও দেশজুড়ে খাদ্যসংকটের কারণে পরিস্থিতি পাল্টে যায়। ৯ নভেম্বর সম্রাট দ্বিতীয় ভিলহেম নেদারল্যান্ডসে পালিয়ে গেলে নতুন সরকার গঠিত হয়। অবশেষে ১৯১৮ সালের ১১ নভেম্বর বেলা ১১টায় যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধের অবসান ঘটে। ১৯১৯ সালের ভার্সাই চুক্তিতে জার্মানিকে যুদ্ধের জন্য প্রধানত দায়ী করা হয়। এই যুদ্ধের ফলে উসমানীয়, অস্ট্রো-হাঙ্গেরীয় ও রোমানভ সাম্রাজ্যের পতন ঘটে এবং বিশ্বের রাজনৈতিক মানচিত্রে আমূল পরিবর্তন আসে।

শেয়ার করুন