টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। তিনি তৎকালীন র্যাব-৭ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি বরিশাল সেনানিবাসের স্টেশন কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার (২৮ জুলাই) দিবাগত রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল সামি উদ দৌলা চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আইএসপিআর জানিয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহকে কাস্টডিতে নেওয়া হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
গত ২৬ জুলাই কক্সবাজারের টেকনাফে একরামুল হক হত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযুক্তদের মধ্যে আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং গ্রেফতার থাকা আসামিদের আদালতে হাজির করার নির্দেশ দেন। এই পরোয়ানার ভিত্তিতেই তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তাকে নির্ধারিত পরবর্তী তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।





