২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত ‘গণহত্যা’ ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। সোমবার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের শুনানি পরিচালনা করেন চিফ প্রসিকিউটর মো: আমিনুল ইসলাম।
আদালত মামলার আসামিদের মধ্যে যারা ইতিমধ্যে অন্য মামলায় গ্রেফতার আছেন, তাদের আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, বাকি আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এই মামলার পরবর্তী কার্যক্রমের জন্য আগামী ১৬ আগস্ট দিন ধার্য করা হয়েছে।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, শাপলা চত্বরের ওই ঘটনায় নিহতদের মধ্যে এ পর্যন্ত ৬১ জনের একটি তালিকা পাওয়া গেছে, যার মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। দীর্ঘ সময় ধরে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই ঘটনার তদন্ত শেষে খসড়া প্রতিবেদন দাখিল করেছিল, যা পর্যালোচনা করেই আজ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।
আসামি তালিকায় শেখ হাসিনার পাশাপাশি রয়েছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, তৎকালীন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, মাহবুবউল আলম হানিফ, ড. হাসান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আব্দুল লতিফ সিদ্দিকী, মৃণাল কান্তি দাস, জাহাঙ্গীর কবির নানক, ডা: দীপু মনি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওমর ফারুক চৌধুরী, সালাউদ্দিন মাহমুদ, ডা: ইমরান এইচ সরকার, শাহরিয়ার কবির, মোজাম্মেল হক বাবু, ফারজানা রুপা, হাসান মাহমুদ খন্দকার, এ কে এম শহীদুল হক, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বেনজীর আহমেদ, মো: মোখলেছুর রহমান, জেনারেল আজিজ আহমেদ, জিয়াউল আহসান, মো: মজিবুর রহমান, আব্দুল জলিল মণ্ডল, শেখ মুহাম্মাদ মারুফ হাসান, মাহবুব হোসেন, মনিরুল ইসলাম, মো: আনোয়ার হোসেন, আশরাফুজ্জামান, এস এম মেহেদী হাসান, হারুন-অর-রশীদ, বিপ্লব কুমার সরকার, সৈয়দ নুরুল ইসলাম, মো: আসাদুজ্জামান, এস এম শিবলী নোমান এবং বি এম ফরমান আলী।





