সোমবার বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬ এর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন প্রজন্মের কিশোর-কিশোরীদের উদ্দেশ্যে বলেন, তোমরা যদি আগামী দিনে নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারো, তবেই আমরা ভবিষ্যতে বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারব। নিজেকে কখনো ছোট না ভেবে যোগ্য করে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে গ্যালারিতে উপস্থিত হাজারো শিক্ষার্থীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতের ডাক্তার, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, ক্রিকেটার, সুইমার এবং টেনিস খেলোয়াড় বেরিয়ে আসবে। তোমরা আজ খেলার মাঠে তা প্রমাণ করেছ। তোমাদের মধ্য থেকেই এমন ভালো মানুষ তৈরি হবে যারা এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে। নিজেকে যত শক্তভাবে গড়ে তুলবে, তত সুন্দরভাবে বাংলাদেশ গড়ে উঠবে।
প্রধানমন্ত্রী স্টেডিয়ামে বসে বালিকাদের ফুটবল ফাইনাল খেলা উপভোগ করেন। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ ও মীর হেলাল উপস্থিত ছিলেন। এছাড়া সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ক্রীড়া সচিব মাহবুব-উল-আলমও বক্তব্য রাখেন।
গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আপনারা যারা প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করছেন, আপনাদের এবং আপনাদের কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, আজকে যে নতুন কুঁড়ি স্পোর্টসের ফাইনাল অনুষ্ঠিত হলো, এটি বাংলাদেশের ভবিষ্যৎ। বাংলাদেশ অনেক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, যা আমরা অস্বীকার করি না। অনেক স্কুলে সুযোগ-সুবিধার অভাব রয়েছে, ফ্যান ঠিকমতো নেই—এসব সমস্যা সমাধানে সরকার কাজ করছে। কিন্তু দেশ গড়ার এই কাজটি সফল করার জন্য আজকের এই তরুণ প্রজন্মের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তোলা একান্ত প্রয়োজন।
সোমবার (২৭ জুলাই) বিকেলে নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে নতুন প্রজন্মের কিশোর-কিশোরীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।





