শিশুরা নিজেদের যোগ্য করে গড়ে তুললে সমৃদ্ধ হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রকাশ:

আজকের শিশুরা যদি আগামী দিনে নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ জুলাই) বিকালে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে কিশোর-কিশোরীদের বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপস্থিত শিশু-কিশোর ও খেলোয়াড়দের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশকে সঠিকভাবে গড়ে তোলার কাজ করছে, কিন্তু এ প্রচেষ্টা তখনই সফল হবে যখন আজকের শিশু-কিশোররা নিজেদের আগামী দিনের উপযোগী করে গড়ে তুলবে। তিনি পড়ার পাশাপাশি মন দিয়ে খেলাধুলার ওপরও গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে, অনুষ্ঠানে উপস্থিত হাজার হাজার শিশুর মধ্য থেকেই আগামী দিনের সফল ডাক্তার, প্রকৌশলী, স্থপতি, আন্তর্জাতিক মানের ক্রিকেটার, সাঁতারু ও টেনিস খেলোয়াড়রা উঠে আসবে, যারা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

পরিবেশ রক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী শিশুদের কাছে সহযোগিতা চেয়ে বলেন, আমাদের দেশটা সবার। রাস্তাঘাটে, পুকুরে বা নদীনালায় ময়লা বা প্লাস্টিকের বোতল ফেলা থেকে বিরত থাকতে হবে এবং কাউকে এমন করতে দেখলে বারণ করতে হবে। প্রয়োজনে ময়লা পরিষ্কারের দায়িত্ব নিতে হবে। এছাড়া, পরিবেশ সুন্দর রাখতে নিয়মিত গাছ লাগানো এবং পশুপাখির প্রতি সদয় হওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, পশুপাখিদের যত্ন নিতে না পারলেও অন্তত তাদের কোনো ক্ষতি করা যাবে না।

বিদ্যালয়গুলোর অবকাঠামোগত সমস্যার বিষয়ে প্রধানমন্ত্রী জানান, সরকার শিক্ষার পরিবেশ উন্নত করতে নিরলস কাজ করছে। শিশুরা পড়ালেখা, খেলাধুলা, গান বা ছবি আঁকা—যেকোনো ক্ষেত্রে নিজেকে বিকশিত করতে চাইলে সরকার তাতে সর্বাত্মক সহযোগিতা করবে।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গণমাধ্যমে রাজনৈতিক ও সামাজিক খবরের পাশাপাশি শিশুদের এ আয়োজন ও তাদের সাফল্যকে যেন অগ্রাধিকার দিয়ে ‘লিড নিউজ’ হিসেবে প্রচার করা হয়। কারণ, এই শিশুরাই বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ।

শেয়ার করুন