দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪৫৮

প্রকাশ:

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৫৮ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এই মৃত্যুর ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ রয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ হাজার ১১৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ১৩ হাজার ৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ১১ হাজার ৯৩৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ৪৩ জনের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, তাদের মধ্যে ২৫ জন নারী এবং ১৮ জন পুরুষ। অঞ্চলভিত্তিক মৃত্যুর হিসাবে দেখা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ছয়জন, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় একজন, ময়মনসিংহে পাঁচজন, চট্টগ্রামে চারজন, খুলনায় ছয়জন, বরিশালে চারজন, রাজশাহীতে একজন এবং রংপুরে একজনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন