সাহাবুদ্দিনের বিরুদ্ধে কোনো তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

প্রকাশ:

সদ্য রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করা মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংক আলাদা কোনো অনুসন্ধান চালাবে না বলে জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। রোববার কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আরিফ হোসেন খান জানান, মো. সাহাবুদ্দিন সাংবিধানিকভাবে দেশের সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করেছেন, তাই তাকে লক্ষ্য করে ব্যক্তিগতভাবে আলাদা কোনো অনুসন্ধান বা তদন্ত পরিচালনার পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের নেই।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরও বলেন, ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করতে বিভিন্ন প্রতিষ্ঠানভিত্তিক তদন্ত চলমান রয়েছে। এসব তদন্তে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনিয়মের প্রমাণ মিললে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি ব্যাখ্যা করেন, গ্রাহকরা ব্যাংকের কাস্টমার এবং কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোতে ইন্সপেকশন পরিচালনা করে। তদন্তে কোনো অনিয়ম ধরা পড়লে কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা গ্রহণ করে থাকে, যেখানে সংশ্লিষ্ট পর্ষদের সম্পৃক্ততাও খতিয়ে দেখা হয়।

আরিফ হোসেন খান বলেন, ব্যাংকগুলো নিজেরা অডিট করে, কেন্দ্রীয় ব্যাংকও অডিট পরিচালনা করে এবং এক্সটার্নাল অডিটও হয়। এটি কোনো ব্যক্তি বিশেষকে টার্গেট করে করার সুযোগ নেই। বিশেষ প্রায়োরিটি দিয়ে কিংবা কাউকে লক্ষ্য করে কাজ করার কোনো অবকাশ নেই বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য যে, গত শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে নির্বাচিত এই রাষ্ট্রপতি তার মেয়াদ শেষ হওয়ার পৌনে দুই বছর আগেই পদ ছেড়েছেন। পদত্যাগের দুই দিন পর রোববার তিনি বঙ্গভবন ছেড়ে গুলশানের নিজ বাসায় ফিরেছেন। এর আগে জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইনকিলাব মঞ্চ তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানায়। অন্যদিকে, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তের আবেদন জানিয়েছে বাংলাদেশ আজাদ পার্টি।

শেয়ার করুন