ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। রোববার (২৬ জুলাই) বেলা ১১টা ৩৫ মিনিটে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে পৌঁছান এবং সেখানে উপস্থিত তিন বাহিনীর প্রধানসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
বেলা ১১টা ৪০ মিনিটে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধা নিবেদনের এই আনুষ্ঠানিকতায় তিন বাহিনীর একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে।
স্মৃতিসৌধের আনুষ্ঠানিকতা শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এরপর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে ১১টা ৪৭ মিনিটে তিনি স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন। পরিদর্শন বইয়ে তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা প্রকাশ করেন এবং স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করেন।
পরিদর্শন বইয়ের মন্তব্যে তিনি উল্লেখ করেন, শহীদদের অসীম দেশপ্রেম ও আত্মত্যাগের বিনিময়েই বাংলাদেশ আজ স্বাধীন ও সার্বভৌম। তিনি সংবিধানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় তাঁর সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।





