পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে এবং একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের দেশব্যাপী ২ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় দিনাজপুরের কাহারোল উপজেলার আল-আজহার ইসলামিক একাডেমিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার আয়োজিত এই অনুষ্ঠানে একাডেমির প্রায় ৩৫০ জন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-আজহার ইসলামিক একাডেমির পরিচালক জাকিরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম, আস-সুন্নাহ ফাউন্ডেশনের দিনাজপুর অঞ্চলের বৃক্ষরোপণ কর্মসূচির তত্ত্বাবধায়ক রোকনুজ্জামান, সুমন ও আব্দুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
একাডেমির পরিচালক জাকিরুল ইসলাম তার বক্তব্যে বলেন, আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মাহর কল্যাণে নিয়মিত বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবেই সারা দেশে ২ লাখ গাছ লাগানোর ও বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, অন্যান্য সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যদি এমন উদ্যোগ গ্রহণ করে, তবে একদিকে পরিবেশের সবুজায়ন বৃদ্ধি পাবে এবং অন্যদিকে ফলজ গাছ মানুষের পুষ্টির চাহিদা মেটাতে বড় ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, গাছ শুধু রোপণ করলেই হবে না, বরং প্রতিটি চারার নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম বলেন, দেশের পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে মোট ভূমির অন্তত ২৫ শতাংশ বনাঞ্চল থাকা প্রয়োজন। তিনি আরও বলেন, বনায়ন বাড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংগঠনগুলোর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই উদ্যোগকে তিনি একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।
আয়োজকরা জানান, এই কর্মসূচির মূল লক্ষ্য কেবল চারা বিতরণ নয়, বরং সেগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করার মাধ্যমে একটি সবুজ, টেকসই ও পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলা। তারা শিক্ষার্থীদের নিজ বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।





