ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেয়নি কুয়েত

প্রকাশ:

ইরানের বিরুদ্ধে পরিচালিত কোনো সামরিক অভিযানে নিজের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেওয়ার বিষয়টি দৃঢ়ভাবে অস্বীকার করেছে কুয়েত। দেশটির পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে, কুয়েতের আকাশসীমা, ভূখণ্ড কিংবা জলসীমা ব্যবহার করে ইরানে কোনো ধরনের হামলা চালানো হয়নি।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে কুয়েত সরকার এই আনুষ্ঠানিক অবস্থান ব্যক্ত করেছে। কুয়েতের সরকারি বার্তা সংস্থা কুনার মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় কুয়েত ও বাহরাইন গোপনে ইরানে বিমান হামলা চালিয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত ওই অভিযানে গোয়েন্দা সহায়তা দিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এই প্রতিবেদনের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত শেখা আল-জেইন আল-সাবাহ ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয় বোর্ডে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি ওই প্রতিবেদনের দাবিগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে অভিহিত করেছেন। তিনি জোর দিয়ে বলেন, কুয়েত ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে অংশ নেয়নি এবং কোনো আক্রমণাত্মক অভিযানের জন্য নিজেদের ভূখণ্ড, আকাশসীমা বা জলসীমা ব্যবহারের অনুমতিও কাউকে দেয়নি।

এদিকে ইরানের মেহর নিউজ কুয়েতের সরকারি বার্তা সংস্থা কুনার বরাতে জানিয়েছে যে, কুয়েত এই প্রতিবেদনকে মিথ্যা তথ্য হিসেবে প্রত্যাখ্যান করেছে। তবে ওয়াল স্ট্রিট জার্নালের এই প্রতিবেদনের বিষয়ে বাহরাইন সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শেয়ার করুন