২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক অপরাধের ঘটনায় তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভূমিকা তদন্তের দাবি জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি আবেদন জমা দেওয়া হয়েছে। রোববার (২৬ জুলাই) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এই আবেদনটি দাখিল করেন রাষ্ট্রসংলাপ আন্দোলন (এসডিআরপি)-এর কেন্দ্রীয় সদস্য সচিব আহমেদ শামীম, কেন্দ্রীয় সংগঠক মহসিন এবং জুলাই আন্দোলনে আহত আল নূর মোহাম্মদ আয়াস।
আবেদনকারী আল নূর মোহাম্মদ আয়াস জানান, তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তা ও প্ররোচনায় আন্দোলনকারীদের ওপর হামলা, গুম ও নির্যাতনের ঘটনা ঘটেছে বলে তারা অভিযোগ করেছেন। তিনি দাবি করেন, এ বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হলেও আন্দোলনকারীদের ওপর নির্যাতন বন্ধে কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি।
আবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, আন্দোলনের সময় ময়মনসিংহের নওয়াব রোড এলাকা থেকে আল নূর মোহাম্মদ আয়াসকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়। সেখানে তাকে চোখ-মুখ বেঁধে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। যদিও তিনি চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন, তবুও ওই সময়ের দমন-পীড়নের ঘটনায় তৎকালীন রাষ্ট্রপতির ভূমিকা নিরপেক্ষভাবে তদন্ত করার দাবি জানিয়েছেন তিনি। আবেদনকারীরা সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।





