ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সাভার স্মৃতিসৌধে কঠোর নিরাপত্তা

প্রকাশ:

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর শহীদ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তাঁর এই আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ কর্তৃপক্ষ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে এবং ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর ও বর্ধিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রোববার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় দেখা যায়, ঢাকা জেলার বিভিন্ন থানা থেকে আসা অতিরিক্ত পুলিশ সদস্য ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সৌধের ভেতরে ও বাইরে নির্ধারিত পয়েন্টগুলোতে দায়িত্ব পালন করছেন। এছাড়া ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদানের জন্য তিন বাহিনীর সদস্যরাও সৌধ প্রাঙ্গণে অবস্থান নিয়েছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় ফায়ার সার্ভিসের গাড়ি ও কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি, স্মৃতিসৌধের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে গেট ও অভ্যন্তরে শেষ মুহূর্তের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করা হয়েছে।

সাভার জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার খান আনু জানান, সকাল সাড়ে ১১টায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করবেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। তাঁর আগমন ঘিরে স্মৃতিসৌধ এখন পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন