বঞ্চনার শিকার ১৫০ সেনা কর্মকর্তাকে আর্থিক প্রণোদনা দেবে সরকার

প্রকাশ:

গত ১৭ বছর ধরে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীতে বিভিন্ন ধরনের বঞ্চনা ও বৈষম্যের শিকার কর্মকর্তাদের জন্য বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে অবসরে পাঠানো, অপসারণকৃত বা বাধ্যতামূলক অবসরে পাঠানো মোট ১৫০ জন সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি ও আর্থিক সুবিধা দেওয়া হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এই সুবিধার আওতায় থাকা ১৫০ কর্মকর্তার মধ্যে সেনাবাহিনীর ১১৫ জন, নৌবাহিনীর ২১ জন এবং বিমানবাহিনীর ১৪ জন রয়েছেন। এসব কর্মকর্তার স্বাভাবিক অবসর নিশ্চিত করার পাশাপাশি বিধি অনুযায়ী বকেয়া বেতন-ভাতা ও আনুষঙ্গিক সব সুবিধা প্রদান করা হবে। এছাড়া পরিস্থিতি বিবেচনায় অনেককে বিশেষ আর্থিক প্রণোদনা দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

তালিকায় থাকা সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমীর বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। ২০০৯ সালের ২৪ জুন তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০১১ সালের ২৬ ডিসেম্বর থেকে কার্যকর ধরে তাকে মেজর জেনারেল পদে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে। একইসঙ্গে ২০১৪ সালের ২৬ ডিসেম্বর থেকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে তাকে অবসর প্রদান করা হয়েছে।

আবদুল্লাহিল আমান আযমী বকেয়া বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধার পাশাপাশি ১ কোটি টাকার বিশেষ আর্থিক প্রণোদনা পাবেন। এছাড়া তার বয়স ও যোগ্যতা অনুযায়ী যেকোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পুনঃনিয়োগের সুযোগ রাখার বিষয়টিও প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন