আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খান তার পদ থেকে অপসারিত হয়েছেন। তার বিরুদ্ধে ওঠা যৌন অসদাচরণের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইসিসির সদস্য রাষ্ট্রগুলো ভোটের মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি সংবেদনশীল হওয়ায় নাম প্রকাশে অনিচ্ছুক দুইটি কূটনৈতিক সূত্র শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্রগুলো জানিয়েছে, আইসিসির মোট ১২৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৮২টি দেশ করিম খানকে অপসারণের পক্ষে ভোট দিয়েছে। তবে করিম খান তার বিরুদ্ধে আনা এই যৌন অসদাচরণের অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন।
এর আগে, আইসিসির প্রধান কৌঁসুলি হিসেবে দায়িত্ব পালনকালে করিম খান ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির উদ্যোগে নেতৃত্ব দিয়েছিলেন। ইসরাইল বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, করিম খানের বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে তার আনা মামলাগুলোর বৈধতা প্রশ্নবিদ্ধ। শেষ পর্যন্ত সমস্ত বিতর্কের মাঝে নিজের পদই হারালেন করিম খান।





