দিল্লিতে খাবার সরবরাহে বিধিনিষেধ, ক্ষুব্ধ অখিলেশ যাদব

প্রকাশ:

দিল্লির যন্তর মন্তরে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে জনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে দিল্লি পুলিশ। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস) ২০২৩-এর ১৬৩ ধারার আওতায় এবং ১৪৪ ধারা জারি করে পুলিশ একটি বিস্তারিত নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনার ফলে বিক্ষোভ এলাকা ও এর আশপাশের অঞ্চলে অ্যাপভিত্তিক সেবা, খাবার সরবরাহ, ক্যাব সার্ভিস এবং কুইক-কমার্স লজিস্টিকসের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

দিল্লি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো ভিড়পূর্ণ পরিস্থিতিতে ডেলিভারি কর্মী, যানবাহন চালক এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। বাণিজ্যিক অ্যাগ্রিগেটর প্রতিষ্ঠান এবং নাগরিকদের নিরাপত্তার স্বার্থেই যন্তর মন্তর ও মধ্য দিল্লির নির্ধারিত এলাকায় অপ্রয়োজনীয় চলাচল সীমিত রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নিয়ন্ত্রণ বলবৎ থাকবে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে, সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “খাবার কেড়ে নেবেন না! নোটবন্দির পর এবার ফুড বন্দি।” অখিলেশ যাদব অভিযোগ করেন যে, বিক্ষোভের অজুহাতে জরুরি সেবার ওপর এমন বিধিনিষেধ আরোপ করা অযৌক্তিক এবং এটি সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়াবে।

শেয়ার করুন