১৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দখল ও ভাঙচুরের ঘটনায় পদত্যাগ করলেন এমপি মিষ্টি

প্রকাশ:

দখল, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বর্তমান সরকার। বিশেষ করে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। দলীয়প্রধানের এই নির্দেশনা পাওয়ার পর বুধবারই তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন। স্পিকার তার পদত্যাগপত্র গ্রহণ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। সংবিধানের নিয়ম অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে এই শূন্য আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

এই ঘটনার জেরে ঢাকা মহানগর উত্তর বিএনপি, যুবদল ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি এই তিন সংগঠনের মোট ১১ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে যে, অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, তাদের ছাড় দেয়া হবে না। দখলবাজি ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের তালিকা তৈরি করা হচ্ছে এবং প্রমাণিত হলেই তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেয়া হবে। অন্যদিকে তিন সংগঠনের কমিটি বিলুপ্ত ও নেতাদের বহিষ্কারের ঘটনা ঘিরে নানা আলোচনা চলছে সংগঠনগুলোর ভেতরে। এ ঘটনায় বিএনপি, যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মী এবং স্থানীয় সন্ত্রাসীদের নাম উঠে এসেছে।

গত ২৪ সেপ্টেম্বর রাতে মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে প্রায় ২০০ থেকে ২৫০ জন দুর্বৃত্ত মুখে মাস্ক ও মাথায় লাল কাপড় বেঁধে দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। স্বাস্থ্যকেন্দ্র দখলের নেপথ্যে ফেরদৌসী আহমেদ মিষ্টির ইন্ধন ছিল বলে অভিযোগ রয়েছে। তদন্তে অপরাধ প্রমাণিত হওয়ায় প্রধানমন্ত্রীর নির্দেশে এই পদক্ষেপ নেয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সরকার অত্যন্ত আন্তরিক। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে প্রমাণিত হলে তার বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হবে এবং সে অনুযায়ী আইনগত পদক্ষেপ নেয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা সরকারের মূল অগ্রাধিকার।

তদন্ত প্রক্রিয়া সম্পর্কে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা ও মুখপাত্র মাহ্দী আমিন জানান, সরকার কোনো রাজনৈতিক ছাড় দিচ্ছে না বরং সুষ্ঠু আইনি ব্যবস্থা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এছাড়া যারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার প্রস্তুতি রয়েছে। রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় তিন কমিটি ভেঙে দেয়ায় মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন নেতৃত্বের সমীকরণ ও সাংগঠনিক পুনর্বিন্যাসের আলোচনা শুরু হয়েছে। বহিষ্কৃত ১১ জনের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র ৩ জন, যুবদলের ৩ জন এবং পশ্চিম ছাত্রদলের ৫ নেতা রয়েছেন। ইতিমধ্যে নতুন কমিটিতে জায়গা পেতে সম্ভাব্য পদপ্রত্যাশীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফেরদৌসী আহমেদ মিষ্টি অপরাধের সঙ্গে জড়িত কি না, এ বিষয়ে একটি তদন্ত হয়েছে। এজন্য সরকার নির্মোহভাবে কাজ করছে এবং যেখানে কোনো অপচেষ্টা বা অন্যায় হচ্ছে, সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে আইনি ব্যবস্থা নিচ্ছে।

উল্লেখ্য, ফেরদৌসী আহমেদ মিষ্টি বিএনপি’র মনোনয়নে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে জাতীয় সংসদে ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে, যার মধ্যে ৩৬টি বিএনপি’র মনোনয়নে পূরণ করা হয়েছে। গত ৩০ এপ্রিল সংরক্ষিত নারী সদস্যদের গেজেট প্রকাশিত হয় এবং ৩ মে তারা শপথ গ্রহণ করেন। রাজনৈতিকভাবে ফেরদৌসী আহমেদ মিরপুরের সাবেক কাউন্সিলর ছিলেন এবং প্রয়াত ওয়ার্ড কাউন্সিলর সাইদুর রহমান নিউটন তার স্বামী ছিলেন। তার বড় ভাই ছিলেন সাবেক ছাত্রদল সভাপতি নাসির উদ্দিন পিন্টু। মিরপুর এলাকায় নিউটন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন। এই প্রেক্ষাপট ও সংশ্লিষ্টতার কারণে এমপি মিষ্টির পদত্যাগের ঘটনা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

শেয়ার করুন