১৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি

প্রকাশ:

সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য হওয়া সংরক্ষিত আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য জানান। শূন্য আসনটি পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন সচিবালয়কে ইতিমধ্যে অনুরোধ জানিয়েছে সংসদ সচিবালয়।

পদত্যাগের প্রেক্ষাপট ও আইনি প্রক্রিয়া

মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার গুরুতর অভিযোগ ওঠে। এ ঘটনা ঘিরে সমালোচনার মুখে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান তারেক রহমান তাকে সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেন। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকারের দপ্তরে পদত্যাগপত্র জমা দেন মিষ্টি। বিকেলে সংসদ সচিবালয় থেকে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ২৩ নম্বর সংরক্ষিত আসনটি শূন্য ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, আইনি বাধ্যবাধকতা অনুযায়ী ৯০ দিনের মধ্যেই এই উপনির্বাচন সম্পন্ন করা হবে। আসনের বিপরীতে একাধিক প্রার্থী থাকলে ভোটগ্রহণ হবে, আর একক প্রার্থী হলে তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। নিয়ম অনুযায়ী যে দল বা জোটের জন্য এই আসনটি বরাদ্দ ছিল, সেই দল বা জোটই নতুন প্রার্থী মনোনীত করবে।

অ্যাটর্নি জেনারেলের বক্তব্য

এদিকে সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানান, দলীয় প্রধানের নির্দেশের পর এই পদত্যাগের ঘটনায় কোনো আইনি জটিলতা নেই। তিনি বলেন, দল মনোনয়ন না দিলে কেউ এমপি হতে পারেন না। দলীয় প্রধান দেশের প্রয়োজনে কাউকে পদত্যাগ করতে বললে এবং সংশ্লিষ্ট এমপি তা মেনে নিলে এর মধ্যে কোনো দোষের কিছু নেই। নির্বাচন কমিশন এখন দ্রুত সময়ের মধ্যে উপনির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে।

শেয়ার করুন