রংপুর মহানগরের হারাগাছ থানা এলাকায় এক নারীর গোসলের দৃশ্য গোপনে ভিডিও ধারণ এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ও যৌন সম্পর্কের প্রস্তাব দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন রংপুর সিটি করপোরেশনের মধ্য কার্তিক গ্রামের ইয়ানুস আলীর ছেলে এমদাদুল হক (৩২) এবং একই এলাকার মজমুলের ছেলে মোকারেম ওরফে মোকা (২০)।
ঘটনার বিবরণ অনুযায়ী, বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে এমদাদুল হকের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে এমদাদুলকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় এমদাদুল পুলিশকে জানান যে, তিনি এই ভিডিওটি প্রতিবেশী মোকারেমের কাছ থেকে সংগ্রহ করেছিলেন। পরে পুলিশি তৎপরতায় মোকারেমকেও আটক করা হয়।
রংপুর মেট্রোপলিটন আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই আসামিকে শুক্রবার আদালতের মাধ্যমে রংপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুব রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।





