রাষ্ট্রপতির পদত্যাগই যথেষ্ট নয়, তাকে গ্রেপ্তারও করতে হবে: নাহিদ

প্রকাশ:

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদী দোসর হিসেবে পরিচিত রাষ্ট্রপতি চুপ্পুর শুধু পদত্যাগ করলেই চলবে না, তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর শহরের ফৌজদারি মোড়ে আয়োজিত এক সমাবেশে তিনি এই দাবি জানান। নাহিদ ইসলাম বলেন, গণহত্যায় রাষ্ট্রপতির সমর্থন রয়েছে, তাই অবিলম্বে তাকে অপসারণের পাশাপাশি গ্রেপ্তার করা জরুরি।

জামালপুরে গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত পদযাত্রা শেষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের সভাপতিত্ব করেন এনসিপি জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আবু সাইদ শামিম। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমান এবং জামালপুর জেলা কমিটির সদস্যসচিব মোশাররফ হোসেন।

রাষ্ট্রপতির পদত্যাগের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতির নিজের ইচ্ছায় পদত্যাগের সম্ভাবনা কম, সম্ভবত সরকারই তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। তিনি বিএনপি সরকারের সমালোচনা করে বলেন, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেও গত পাঁচ মাসে তারা আওয়ামী লীগের নিয়োগকৃত রাষ্ট্রপতিকে সরাতে পারেনি। যে সরকার রাষ্ট্রপতি পরিবর্তনের সক্ষমতা রাখে না, তারা দেশ পরিবর্তনের ক্ষেত্রে কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

নাহিদ ইসলাম আরও বলেন, অতীতে বিএনপি সরকার রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে তালবাহানা করেছে এবং কোনো জনপ্রিয় বা দলীয় নেতাকেও তারা রাষ্ট্রপতি হতে দেয়নি। তিনি অভিযোগ করেন, তারা সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়। জনগণ একজন যোগ্য, নিরপেক্ষ এবং অভিভাবকসুলভ ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়। নতুন রাষ্ট্রপতি হিসেবে কাকে নির্বাচন করা হয় তা দেখার অপেক্ষায় আছে জনগণ; কোনো অযোগ্য ব্যক্তি নিয়োগ পেলে সরকারের ওপর জনগণের অবশিষ্ট আস্থাটুকুও থাকবে না বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, এদিন বিকেলে এনসিপির নেতাকর্মীরা জামালপুর শহরের দয়াময়ীময়ী মোড় থেকে একটি পদযাত্রা বের করেন। পদযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়।

শেয়ার করুন