নতুন জাতীয় বাজেটের প্রকৃত সাফল্য এর কার্যকর বাস্তবায়নের ওপরই নির্ভর করবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার অর্থ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত প্রথম আনুষ্ঠানিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।
অর্থমন্ত্রী বলেন, একটি ভালো বাজেট প্রণয়ন করা গুরুত্বপূর্ণ, তবে এর প্রকৃত সার্থকতা তখনই অর্জিত হবে যখন নির্ধারিত লক্ষ্য ও কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়িত হবে। তিনি স্পষ্ট করে বলেন, বাজেটের সফল বাস্তবায়নই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অর্থ বিভাগের সবার সম্মিলিত ও যৌথ প্রচেষ্টার মাধ্যমেই এই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গত দেড় থেকে দুই মাসের নিবিড় পরিশ্রমের মাধ্যমে তৈরি করা এই বাজেট সাধারণ মানুষ, ব্যবসায়ী সমাজ এবং বিভিন্ন অংশীজনের কাছে ইতিবাচক সাড়া পেয়েছে বলে অর্থমন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, এই বাজেটের প্রকৃত মূল্যায়ন হবে এর বাস্তবায়নের মাধ্যমেই।
কর্মকর্তাদের উদ্দেশে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের সাধারণ মানুষের মধ্যে আমলাতন্ত্র সম্পর্কে যে নেতিবাচক ধারণা রয়েছে, তা পরিবর্তন করতে হবে। গত চার মাসের অভিজ্ঞতার আলোকে তিনি মনে করেন, সবাই মিলে একযোগে কাজ করলে যেকোনো জটিল সমস্যা ও বাধা অতিক্রম করা সম্ভব। তিনি কর্মকর্তাদের প্রচলিত ধ্যান-ধারণার বাইরে গিয়ে নতুন বাস্তবতা ও বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অর্থমন্ত্রী আরও বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে পুরনো কর্মপদ্ধতিতে আটকে থাকলে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয়। তাই রাষ্ট্রীয় সেবা ও অর্থনৈতিক ব্যবস্থাপনায় গতি আনতে উদ্ভাবনী চিন্তা-ভাবনা, প্রযুক্তির ব্যবহার এবং নতুন ধারণাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।





