নিউইয়র্কে একক কনসার্টে গান গাইবেন অভিনেতা অপূর্ব

প্রকাশ:

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনয়ের পাশাপাশি শখের বশে গানও করে থাকেন। এবার তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথমবারের মতো একক কনসার্টে গান পরিবেশন করতে যাচ্ছেন। ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’ শিরোনামের এই কনসার্টটি আগামী ৮ আগস্ট জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে। দুই ঘণ্টাব্যাপী এই আয়োজনের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ ডলার এবং ভিআইপি টিকিটের মূল্য ৩০০ ডলার। অনুষ্ঠানটির আয়োজন করেছে ড্রিমবক্স এন্টারটেইনমেন্ট।

যুক্তরাষ্ট্র থেকে নিজের একক সংগীতানুষ্ঠান নিয়ে জিয়াউল ফারুক অপূর্ব বলেন, অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের। এর আগেও বন্ধুদের আড্ডায় বা বিভিন্ন ঘরোয়া আয়োজনে আমি গান গেয়েছি। এমনকি আমার অভিনীত বেশ কয়েকটি নাটকেও আমার কণ্ঠে গান শোনা গেছে। এই আয়োজনে আমাকে গান গাওয়ার জন্য যে সুযোগ ও সম্মান দেওয়া হয়েছে, তাতে আমি কৃতজ্ঞ। কনসার্টে আমি আমার পছন্দের শিল্পীদের শ্রোতানন্দিত গানগুলো গাওয়ার চেষ্টা করব। সেই সাথে হয়তো নিজের গাওয়া নাটকের কোনো একটি গানও শ্রোতাদের শোনাতে পারি। আপাতত কনসার্টের গানগুলো নিয়ে নিয়মিত অনুশীলন করছি।

তিনি আরও বলেন, যারা এই একক কনসার্টের আয়োজন করেছেন, তাদের প্রতি আমার ধন্যবাদ। আমি বিশ্বাস করি, তারা আগামীতে অন্য শিল্পীদেরও প্রাপ্য সম্মান দিয়ে এমন আয়োজনে সুযোগ করে দেবেন। আমার পরে যারা এখানে গান করবেন, তাদের জন্যও এটি একটি ভালো অভিজ্ঞতা হবে বলে আমি আশা করছি।

শেয়ার করুন