শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

প্রকাশ:

শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, আগামী শনিবার বা রোববার তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন। ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন তিনি। তবে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

দেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশ্যে লিখিত ও নিজ স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। সংবিধানে রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা দায়িত্ব পালনে অপারগ হলে পরবর্তী করণীয় সম্পর্কেও স্পষ্ট নির্দেশনা রয়েছে। ৫৪ অনুচ্ছেদের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সেই নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সাময়িকভাবে এই পদে আসীন হবেন।

তবে সাময়িকভাবে স্পিকার দায়িত্ব নিলেও সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদের আলোকে রাষ্ট্রপতির পদ ফাঁকা হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচন করা আইনিভাবে বাধ্যতামূলক। অতীতেও এমন নজির রয়েছে। ২০০২ সালে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর তৎকালীন অষ্টম জাতীয় সংসদের স্পিকার প্রয়াত ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ২০০২ সালের ২১ জুন থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৭৮ দিন এই পদে দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন