সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় বেলা ৩টার দিকে রিয়াদ-মক্কা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মা তানিয়া, ছোট ছেলে তাসবিক এবং মেয়ে জারা। দুর্ঘটনায় পরিবারের প্রধান শফিকুল ইসলাম এবং তাদের বড় ছেলে অক্ষত অবস্থায় বেঁচে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে শফিকুল ইসলাম ওমরাহ হজ পালনের জন্য সপরিবারে নিজস্ব প্রাইভেট কারে রিয়াদ থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। যাত্রা শুরুর পর রিয়াদ থেকে প্রায় ৩০০ কিলোমিটার পথ অতিক্রম করার সময় রিয়াদ-মক্কা মহাসড়কে পেছন থেকে একটি দ্রুতগামী বড় যানবাহন তাদের গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মা ও দুই সন্তানের মৃত্যু হয়।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহত তানিয়া তাহমিনা রিনার ভাই তৌহিদ মোহাম্মদ মুরাদ গণমাধ্যমকে জানিয়েছেন, ওমরাহ পালনের উদ্দেশ্যে তারা সপরিবারে রিয়াদ থেকে মক্কা যাচ্ছিলেন। পথিমধ্যে পেছন থেকে আসা একটি বড় যানবাহনের ধাক্কায় তার বোন, ছোট ভাগনে ও ভাগনি ঘটনাস্থলেই প্রাণ হারান।



