রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আলোচনার মধ্যেই নিজের বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, তিনি শুক্রবার (২৪ জুলাই) থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
এর আগে গত ১৯ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংককে যান স্পিকার। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তার ২৬ জুলাই ফেরার কথা ছিল। তবে সরকারের উচ্চপর্যায়ের জরুরি বার্তার পরিপ্রেক্ষিতে তিনি সফর সংক্ষিপ্ত করে দ্রুত দেশে ফিরছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বঙ্গভবনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করতে পারেন এবং দুপুর নাগাদ তার পদত্যাগপত্র স্পিকারের কাছে পাঠানো হতে পারে। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশে লিখিত ও নিজ স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন।
সংবিধানের ৫৪ অনুচ্ছেদের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অপারগ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সেই নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সাময়িকভাবে এই পদে আসীন হবেন। তবে সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা বাধ্যতামূলক।





