ভারতে নিট পরীক্ষা ঘিরে বিক্ষোভ, চাপের মুখে মোদি সরকার

প্রকাশ:

ভারতে মেডিকেল কলেজে ভর্তির সর্বভারতীয় পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে চলমান শিক্ষার্থী আন্দোলনের পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। ২০২৪ সালে নরেন্দ্র মোদি পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তার সরকারের জন্য এই আন্দোলন অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজিপি)-এর নেতৃত্বে এই প্রতিবাদ গড়ে উঠেছে। দিল্লির যন্তর মন্তরে বুধবার কয়েক হাজার আন্দোলনকারী সমবেত হন। তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থান নিয়েছেন এবং আন্দোলনস্থল ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, বিক্ষোভকারীরা এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের দাবিও তুলেছেন।

সিজিপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা সমর্থকদের উদ্দেশে বলেন, যতক্ষণ না শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করছেন, ততক্ষণ তারা যন্তর মন্তর ছাড়বেন না। তিনি আরও বলেন, যে দেশে মানুষ প্রশ্ন করতে ভুলে গিয়েছিল এবং সরকারের সমালোচনাকে দেশদ্রোহিতা হিসেবে দেখা হতো, তারা সেই দেশকে জাগিয়ে তুলেছেন।

মূলত তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহণে গড়ে ওঠা এই আন্দোলন মঙ্গলবার থেকে নতুন মাত্রা পায়, যখন দেশটির বিরোধী দলগুলো এর প্রতি সমর্থন জানায়। বিরোধী দলের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী মোদির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে সরকারের ওপর চাপ সৃষ্টি করেছেন।

এদিকে, দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি) রাজধানীর ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

শেয়ার করুন