বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) একটি প্রতিনিধিদল বুধবার (২২ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে দেশের বস্ত্র খাতের বর্তমান পরিস্থিতি, বিশ্ববাজারে রপ্তানি প্রসার এবং শিল্পটির সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনাকালে বিটিএমএ প্রতিনিধিরা জাতীয় অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে বস্ত্রশিল্পের গুরুত্বপূর্ণ অবদানের চিত্র তুলে ধরেন। তারা শিল্পটির টেকসই অগ্রগতি নিশ্চিত করার লক্ষ্যে সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানোর অনুরোধ জানান। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে নীতিগত সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন প্রতিনিধিরা।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় শিল্পায়ন ও কর্মসংস্থান তৈরিতে বস্ত্র খাতের বলিষ্ঠ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি এ খাতের অগ্রগতি অব্যাহত রাখতে সরকারের পক্ষ থেকে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। এছাড়া টেক্সটাইল খাতের নানাবিধ বাধা চিহ্নিত করে তা দ্রুত নিরসনের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এই কমিটি দ্রুততম সময়ের মধ্যে শিল্প খাতের মূল সংকটগুলো সুনির্দিষ্ট করে সমাধানের পদক্ষেপ নেবে বলে নিশ্চিত করা হয়েছে।
বৈঠকে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শামীম ইসলাম, সাবেক সভাপতি এ. মতিন চৌধুরী, সাবেক পরিচালক সৈয়দ এনায়েত কবির ও ইঞ্জিনিয়ার রাজীব হায়দার। এছাড়া বর্তমান পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ সোহেব, বাদশা মিয়া, আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান হেলাল মিয়া এবং মুন্নু ফেব্রিক্সের ব্যবস্থাপনা পরিচালক সামিউল ইসলাম বৈঠকে অংশগ্রহণ করেন।





