বস্ত্রশিল্পের সমস্যা সমাধানে উচ্চপর্যায়ের কমিটি গঠন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ:

দেশের বস্ত্রশিল্পের বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবিলা এবং এই খাতের টেকসই উন্নয়নের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতাদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এই সিদ্ধান্ত জানান।

সাক্ষাতকালে বিটিএমএ নেতারা দেশের অর্থনীতিতে বস্ত্রশিল্পের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তারা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। একইসঙ্গে খাতের বিভিন্ন সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ করেন তারা।

প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বৃদ্ধিতে বস্ত্রশিল্পের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি এই খাতের উন্নয়নের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল, সহ-সভাপতি শামীম ইসলাম, সাবেক সভাপতি এ. মতিন চৌধুরী, সাবেক পরিচালক সৈয়দ এনায়েত কবির, ইঞ্জিনিয়ার রাজীব হায়দার, বর্তমান পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব ও বাদশা মিয়া। এছাড়া আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান হেলাল মিয়া এবং মুন্নু ফেব্রিক্সের ব্যবস্থাপনা পরিচালক সামিউল ইসলামও আলোচনায় অংশ নেন।

শেয়ার করুন