নেতানিয়াহুকে গ্রেপ্তারে নিউইয়র্ক সিটির আইনি ক্ষমতা নেই: মেয়র মামদানি

প্রকাশ:

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি স্পষ্টভাবে জানিয়েছেন যে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার কোনো আইনগত ক্ষমতা নিউইয়র্ক সিটির প্রশাসনের নেই। মঙ্গলবার এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় তিনি এই তথ্য জানান।

মেয়র মামদানি বলেন, ‘বেনিয়ামিন নেতানিয়াহু যদি নিউইয়র্কে আসেন, তবে আইসিসির পরোয়ানা কার্যকর করার আইনগত সুযোগ আমাদের রয়েছে কি না, তা আমার প্রশাসন বিদ্যমান আইনের আলোকে সব দিক থেকে পর্যালোচনা করেছে। এটি স্পষ্ট যে, এই পরোয়ানা কার্যকর করার মতো স্বাধীন আইনগত ক্ষমতা আমাদের নেই।’ তবে তিনি এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের প্রতি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘ফেডারেল সরকারের এই ক্ষমতা রয়েছে। তাই আমি তাদের আইসিসির সঙ্গে সহযোগিতা করে এই পরোয়ানা কার্যকর করার অনুরোধ জানাচ্ছি।’

ভিডিও বার্তায় মেয়র আরও বলেন, ‘যার চোখ, হৃদয় ও বিবেক আছে, তিনি নেতানিয়াহুর কর্মকাণ্ডে সৃষ্ট ধ্বংসযজ্ঞ দেখতে পাবেন এবং বুঝবেন যে, তার বিচার আদালতেই হওয়া উচিত।’ তিনি আইসিসির অবস্থানের সঙ্গে একমত পোষণ করে বলেন, নেতানিয়াহুকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিচার হওয়া প্রয়োজন। আইসিসির অভিযুক্ত অন্য যে কারও ক্ষেত্রেও তিনি একই অবস্থান সমর্থন করেন বলে জানান।

উল্লেখ্য, নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ২০২৪ সালে জানায় যে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরাইলের সামরিক অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহুকে দায়ী করার যথেষ্ট যুক্তিসংগত কারণ রয়েছে। এর আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে না।

এদিকে, মেয়র মামদানির এই অবস্থান প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহুর কার্যালয়। তাদের দাবি, আইসিসি একটি ‘প্রহসনের আদালত’।

শেয়ার করুন