দেশের তরুণ ক্রীড়াবিদদের মেধা বিকাশের লক্ষ্যে দেশব্যাপী পরিচালিত প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর চূড়ান্ত পর্ব আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে সাঁতার প্রতিযোগিতার মাধ্যমে এই জাতীয় পর্যায়ের বৃহৎ আয়োজনের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের মধ্য থেকে জাতীয় ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ তারকা খুঁজে বের করাই এই বিশেষ প্রতিযোগিতার মূল লক্ষ্য।
এবারের আসরে ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার এবং মার্শাল আর্টস—এই ৮টি জনপ্রিয় ইভেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। ঢাকার ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতার মূল লড়াই। ভেন্যুগুলা হলো মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়াম, সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স এবং দাবা ফেডারেশন। আগামী ২৭ জুলাই আর্মি স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী তরুণ অ্যাথলেটদের পুরস্কৃত করা হবে।
এদিকে আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই সোমবার ক্রিকেট ইভেন্টের মধ্য দিয়ে মাঠের খেলা শুরু হয়েছে। তবে বৃষ্টির কারণে বিঘ্নিত ম্যাচে টসের মাধ্যমে ফলাফল নির্ধারণ করতে হয়। বালকদের বিভাগে চট্টগ্রামকে হারিয়ে রংপুর এবং খুলনাকে হারিয়ে ঢাকা অঞ্চল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। অন্যদিকে, বালিকা বিভাগে রংপুরকে হারিয়ে চট্টগ্রাম অঞ্চল কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে, যেখানে আগামী ২২ জুলাই তাদের প্রতিপক্ষ সিলেট অঞ্চল।





